বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সিলেটে আরও সাড়ে ১২ হাজার ঘনফুট সাদাপাথর জব্দ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৯:৪০ অপরাহ্ন

সিলেটে চুরি হওয়া সাদাপাথর উদ্ধারে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে রোববার অভিযান চালিয়ে সাড়ে ১২ হাজার ঘনফুট সাদাপাথর জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ৫০টি নৌকা জব্দ করে ধ্বংস করা হয়।

রোববার (১৭ আগস্ট) সকালে সিলেট সদর উপজেলার সালুটিকর ভাটা এলাকায় মাটিচাপা অবস্থায় অন্তত ১১ হাজার ঘনফুটেরও বেশি সাদাপাথর জব্দ করেছে যৌথ বাহিনী। এই সময় পাথর লুটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) আশিক মাহমুদ কবিরের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এতে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফরহাদ উদ্দিনের নেতৃত্বে সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত অভিযানে দেড় হাজার ঘনফুট পাথর উদ্ধার করে জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়েছে। এই সময় জাফলং জিরোপয়েন্ট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত আরো ৫০টি নৌকা জব্দ করা হয়েছে। টাস্কফোর্স অভিযানে সহায়তা করে পুলিশ ও বিজিবি।

এর আগে গত বৃহস্পতিবার এবং শুক্রবার দুই দিনের অভিযানে পিয়াইন নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে ৮ হাজার ৫ শত ঘনফুট লুট করা পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পাথর নদীতে প্রতিস্থাপনের লক্ষ্যে জাফলং জিরোপয়েন্ট এলাকায় নৌকা দিয়ে ফেলা হয়েছে।

এদিকে গতকাল শনিবার সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকার বসতবাড়ি ও ক্রাশার মিলে অভিযান চালিয়ে আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করে যৌথ বাহিনী। একইদিনে গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি এলাকা থেকে ২ হাজার ৫০০ ঘনফুট সাদা পাথর জব্দ করা হয়।

এর আগে গেলো সপ্তাহে টানা কয়েকদিন প্রকাশ্যে পাথর লুটপাটের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপর ১৩ আগস্ট থেকে লুট ঠেকাতে ও পাথর উদ্ধারে কঠোর অবস্থানে নামে প্রশাসন। গত চার দিনে প্রায় চার লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়।

শুক্রবার কোম্পানীগঞ্জ থানায় প্রায় ২ হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে খনিজ সম্পদ অধিদপ্তর। মামলার পর শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় পাঁচজনকে।
এদিকে শনিবার দিনগত রাতে পাথর লুটপাটের ঘটনায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, ইয়ারগান ও মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।

সূত্র: বাসস


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর