মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির রাজকীয় বিয়েকে ঘিরে আলোচনায় এসেছে এই ভিন্ন ঘটনাটি। বিয়ের ভেন্যুর আশপাশ থেকে সংগ্রহ করা বিভিন্ন ‘আবর্জনা’ বিক্রি করে সাড়া ফেলেছেন নিউইয়র্কের শিল্পী জাস্টিন গিগনাক। অবাক করার বিষয় হলো, এসব স্মারক কিনতে ১০০ ডলার পর্যন্ত খরচ করছেন ভক্তরা।
তবে তিনি স্পষ্ট করে বলেছেন, সংগ্রহ করা জিনিসগুলো সরাসরি টেইলর সুইফট, ট্রাভিস কেলসি বা তাদের অতিথিদের ব্যবহৃত- এমন কোনো নিশ্চয়তা তিনি দিতে পারেন না। তার ভাষায়, এগুলো শুধু বিয়ের দিন ভেন্যুর বাইরের এলাকা থেকে সংগ্রহ করা স্মারক। গত ২৫ বছর ধরে আবর্জনা সংগ্রহ করে শিল্পকর্ম তৈরির কাজ করছেন জাস্টিন গিগনাক। তার বিশ্বাস, মানুষ যে জিনিসগুলো ফেলে দেয়, সেগুলোর মধ্যেও সৌন্দর্য ও স্মৃতির মূল্য খুঁজে পাওয়া সম্ভব। স্থানীয় অনেকেই গিগনাকের এই উদ্যোগকে অভিনব ব্যবসায়িক কৌশল হিসেবে দেখছেন। তাদের মতে, টেইলর সুইফটের ভক্তদের কাছে তার সঙ্গে সম্পর্কিত যেকোনো স্মারকই বিশেষ মূল্য বহন করে। ফলে এসব ‘আবর্জনা’ও সংগ্রহযোগ্য স্মারকে পরিণত হয়েছে।