আবারও ফ্রি-কিকে লিওনেল মেসির গোল! এর মধ্য দিয়ে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন মেসি।
এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের দিনে টানা ৬ ম্যাচে গোল করে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়াজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। এবার বিশ্বকাপে টানা সর্বোচ্চ ৭ ম্যাচে গোল করার বিশ্বরেকর্ড গড়লেন এলএমটেন। এ ছাড়া চলমান বিশ্বকাপে নিজের ষষ্ঠ গোলও হয়ে গেল তার। গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে থাকা এই তারকা আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়া ম্যাচে জোড়া গোল করেছিলেন।
তার সামনে জর্ডানের মানব দেয়াল দাঁড়ালেও, ফাঁকা ছিল একপাশ। সেই জায়গাটিকেই কাজে লাগিয়ে লো সেলসোর গোলবার ঘেঁষে নেওয়া শটটি যেন ঠেকানোরও চেষ্টা করলেন না জর্ডান গোলরক্ষক। বিশ্বকাপে নিজের প্রতম গোল পেলেন লো সেলসো।
৩০ মিনিটের মাথায় নিকোলাস তালিয়াফিকোর লো ক্রসে বল পেয়ে লাউতারো মার্টিনেজ শট নিলে ঠেকিয়ে দেন জর্ডান গোলরক্ষক ইয়াজিদ আবু লায়লা। এরপর ফিরতি বলে হেড দেন হুলিয়ান আলভারেজ। কিন্তু বল ক্লিয়ারের চেষ্টায় তাকে বুট দিয়ে আঘাত করেন এহসান হাদ্দাদ। অথচ আলভারেজের হেডটিও হাত ছুঁয়ে দারুণভাবে বারের উপর দিয়ে পাঠিয়ে দেন জর্ডান গোলরক্ষক। কিন্তু তার অনবদ্য দুই সেভই ভেস্তে গেল সতীর্থের ফাউলে। স্পটকিকে চলতি আসরে নিজের প্রথম গোল করতে ভুল হয়নি লাউতারোর।
২-০ লিড নিয়ে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে জর্ডানকে আরও কোণঠাসা করে রাখে আর্জেন্টিনা। ধারার বিপরীতে ৫৫ মিনিটে দারুণ এক দলগত প্রচেষ্টায় ব্যবধান কমায় এশিয়ান দেশটি। এহসান হাদ্দাদ কোণাকুণি বল বাড়ালে শরীরটা স্লাইড করে পা বাড়িয়ে দারুণ ফিনিশিং দিয়েছেন আলতামারি। ৬০ মিনিটে বদলি নামা লিওনেল মেসি বরাবর ২০ মিনিটের ব্যবধানে ফ্রি-কিকে আসরে নিজের ষষ্ঠ গোলটি করলেন।
পরিকল্পিতভাবে অ্যালেক্সিস ম্যাক-আলিস্টার, সেনেসি ও ওতামেন্দি জর্ডানের রক্ষণভাগের দেয়ালের সামনে দাঁড়িয়ে কোণ তৈরি করলেন। সেই সুযোগে জর্ডানের দ্বিস্তরের দেয়ালকে ফাঁকি দিয়ে নিচু শটে বল জালে জড়ান মেসি। যা জর্ডান গোলরক্ষক শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। বড় জয়েই মাঠ ছাড়ল আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপের গ্রুপপর্বে এ ছাড়া কেবল ফ্রান্স ও মেক্সিকো তিন ম্যাচের সবকটিতে জিতেছে।