এবারের বিশ্বকাপে টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই নকআউট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি আলবিসেলেস্তেদের জন্য কেবলই ‘নিয়মরক্ষার’। তবে ম্যাচটি সমীকরণের দিক থেকে গুরুত্বহীন হলেও এটিকে হালকাভাবে নিতে নারাজ কোচ লিওনেল স্কালোনি। অবশ্য সামনে নকআউটের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে অধিনায়ক লিওনেল মেসিকে এই ম্যাচে শুরু থেকে মাঠে নামানোর পরিকল্পনা নেই তাঁর।
আগামীকাল রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ স্কালোনি নিশ্চিত করেছেন, মেসি কাল শুরুর একাদশে থাকবেন না। তবে ম্যাচের কোনো এক সময় বদলি হিসেবে মাঠে নামবেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা।
স্কালোনি বলেন, “লিও আগামীকাল বদলি হিসেবে খেলবে। পুরো দল আগামীকালই (ম্যাচের আগে) ঘোষণা করা হবে।”
প্রথম দুই ম্যাচে আলজেরিয়াকে ৩-০ এবং অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে জর্ডানের বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে। আলজেরিয়া কিংবা অস্ট্রিয়ার শেষ ম্যাচে সমান পয়েন্টে পৌঁছানোর সুযোগ থাকলেও, হেড-টু-হেড সমীকরণে পিছিয়ে থাকায় আর্জেন্টিনাকে টপকানোর কোনো সুযোগ নেই কারও। ফলে জর্ডান ম্যাচের ফল যাই হোক, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের রাউন্ডে যাচ্ছে স্কালোনির দল।
মূলত, জর্ডানের বিপক্ষে ম্যাচে দলের প্রধান তারকা লিওনেল মেসিকে কিছুটা বিশ্রাম দিয়ে নকআউটের হাইভোল্টেজ লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত রাখাই এখন স্কালোনির মূল লক্ষ্য। কারণ বিশ্বকাপের আসল ও কঠিন পরীক্ষা শুরু হচ্ছে গ্রুপ পর্বের পরেই, যেখানে একটি ছোট ভুলও টুর্নামেন্ট থেকে বিদায়ের কারণ হতে পারে।