বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালিতে তিনটি পণ্যবাহী জাহাজে (কার্গো শিপ) হামলার ঘটনা ঘটেছে।
আজ বুধবার (১১ মার্চ) পারস্য উপসাগরের এই সংকীর্ণ জলসীমায় অজ্ঞাত বস্তুর আঘাতে জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি জাহাজে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটলে অধিকাংশ নাবিককে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়।
ফরাসি বার্তা সংস্থা এএফপি ও যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও-এর বরাত দিয়ে রয়টার্স এই খবর নিশ্চিত করেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ওমানের উপকূল থেকে ১১ নটিক্যাল মাইল উত্তরে থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘মায়ুরি নারি’ প্রথম হামলার শিকার হয়।
এছাড়া, দুবাই থেকে প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ‘স্টার গুইনেথ’ নামের আরেকটি বাল্ক ক্যারিয়ারে হামলার খবর দিয়েছে মেরিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ভ্যানগার্ড। এতে জাহাজটির ক্ষয়ক্ষতি হলেও ক্রু-সদস্যরা অক্ষত রয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান কেন্দ্রিক সংঘাত শুরুর পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। উল্লেখ্য যে, বিশ্বের মোট উৎপাদিত তেল ও গ্যাসের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। সংঘাত শুরুর পর থেকে এ নিয়ে অন্তত ১৪টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটল, যা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও নৌ-নিরাপত্তাকে নতুন করে ঝুঁকির মুখে ফেলেছে।