শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

‘বোর্ড অব পিস’ এর নামে ‘নতুন জাতিসংঘ’ বানাতে চায় ট্রাম্প: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ১:০৭ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা। 

শুক্রবার ( ২৩ জানুয়ারি) তিনি অভিযোগ করেন, ট্রাম্প এর মাধ্যমে আসলে একটি ‘নতুন জাতিসংঘ’ তৈরির চেষ্টা করছেন।

খবর বার্তা সংস্থা আল জাজিরার সূত্রে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের মতো প্রবীণ এই নেতাও ট্রাম্পের এই নতুন সংস্থায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এই সংস্থায় স্থায়ী সদস্যপদ পেতে হলে ১০০ কোটি ডলার গুণতে হবে এবং এর চেয়ারম্যান পদটি থাকবে খোদ ট্রাম্পের দখলে।

লুলা বলেন, জাতিসংঘকে সংস্কার করার পরিবর্তে প্রেসিডেন্ট ট্রাম্প এমন এক নতুন ‘জাতিসংঘ’ গড়ার প্রস্তাব দিচ্ছেন যার মালিক হবেন তিনি নিজেই।

গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এই ‘বোর্ড অব পিস’-এর পরিকল্পনা উন্মোচন করেন ট্রাম্প। সেখানে ১৯টি দেশের নেতা ও প্রতিনিধিরা এই পরিষদের প্রতিষ্ঠাকালীন সনদে স্বাক্ষর করেন।

লুলা বিশ্ব রাজনীতিতে পেশিশক্তির ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে বহুপাক্ষিক সম্পর্কের ওপর জোর দেন। এই মন্তব্যের ঠিক এক দিন আগেই চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। সেই ফোনালাপে সি চিনপিং আন্তর্জাতিক বিষয়ে জাতিসংঘের ‘মূখ্য ভূমিকা’ বজায় রাখার আহ্বান জানিয়েছিলেন।

শুক্রবার তার বক্তব্যে লুলা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে জাতিসংঘের মূল সনদকেই ছিঁড়ে ফেলা হচ্ছে।

প্রাথমিকভাবে গাজা পুনর্গঠনের তদারকি করার কথা থাকলেও, পরিষদের সনদ অনুযায়ী এর পরিধি কেবল ফিলিস্তিনি ভূখণ্ডেই সীমাবদ্ধ নয়। বরং এটি সরাসরি জাতিসংঘের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ফ্রান্স ও বৃটেনও এই পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই পরিষদে অন্তর্ভুক্ত করায় আপত্তি জানিয়েছে লন্ডন। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার অন্তর্ভুক্তি তারা মেনে নিতে পারছে না।

অন্যদিকে ফ্রান্স জানিয়েছে, এই পরিষদের বর্তমান সনদ তাদের আন্তর্জাতিক অঙ্গীকার এবং জাতিসংঘের সদস্যপদ পাওয়ার শর্তের সঙ্গে সাংঘর্ষিক।-সূত্র: আল জাজিরা


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর