শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

সাকিব চট্টগ্রাম টেস্টে ফিরলেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ১০:১১ অপরাহ্ন

দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রাম যাত্রায় বাংলাদেশ দলের সঙ্গী সিলেট টেস্টের বিশাল পরাজয়। ৩২৮ রানে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরেছে। ৩০ মার্চ দুই দল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ খেলবে চট্টগ্রামে।

এক বছর পর এই টেস্ট দিয়ে দলে ফিরতে যাচ্ছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ থেকে সাকিব নিজেকে সরিয়ে নিয়েছিলেন। পুরো সিরিজই খেলার কথা ছিল না তার। কিন্তু সপ্তাহ খানেক আগে সাকিব নিজ থেকে নির্বাচক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসকে জানান চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলতে চান।

শুধু খেলার আগ্রহ প্রকাশ করেই থেমে থাকেননি সাকিব। শুরু হয় তার মাঠে ফেরার প্রক্রিয়া। ঢাকা লিগে দুই ম্যাচ খেলার পাশাপাশি মিরপুরের নেটে ঘাম ঝরিয়েছেন। স্টেডিয়ামে দৌড়ে চক্কর কেটেছেন। জিমে দিয়েছেন সময়। এবার তার মাঠে ফেরার পালা।

এদিকে সিলেট টেস্টে স্কোয়াডে থাকা পেসার মুশফিক হাসান বাঁ পায়ের চোটে পড়েছেন। তার রিহ্যাবের প্রয়োজন। এজন্য দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন না। তার পরিবর্তে আরেক ডানহাতি পেসার হাসান মাহমুদকে নেওয়া হয়েছে। দেশের হয়ে ৩৯ ম্যাচ খেলা হাসানের এখনও টেস্ট অভিষেক হয়নি। ১৬ প্রথম শ্রেণির ক্রিকেটে তার শিকার ৪৯ উইকেট।

সিলেট টেস্ট জিতে শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে এগিয়ে। দুই দলের এই সিরিজ ২০২৩-২৫ সালের টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের অংশ।

দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর