নুজুম স্পোর্টসের সহযোগিতায় আয়োজিত একটি দাতব্য অনুষ্ঠান থেকে এই অর্থ সংগ্রহ করেন হামজা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি জানান, তহবিলের পুরো অর্থই ব্যয় করা হবে গাজার শিশুদের চিকিৎসার জন্য।
এই উদ্যোগে যারা পাশে দাঁড়িয়েছেন এবং অনুদান দিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা। নিজের বার্তায় তিনি গাজার মানুষের দুর্ভোগের প্রসঙ্গ তুলে ধরে জানান, তাদের অসীম কষ্টের তুলনায় এই সহায়তা হয়তো খুবই সামান্য।
তবে ছোট উদ্যোগ থেকেও বড় পরিবর্তনের সূচনা হতে পারে—এমন আশার কথাও জানিয়েছেন হামজা। একই সঙ্গে নিপীড়িত ফিলিস্তিনিদের মুক্তি ও শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
মাঠের বাইরের এই মানবিক উদ্যোগে যখন আলোচনায় হামজা, তখন মাঠের লড়াইয়ের প্রস্তুতিও চলছে বাংলাদেশ দলের। আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট সামনে রেখে জাতীয় স্টেডিয়ামে কোচ থমাস ডুলির অধীনে ৩০ সদস্যের প্রাথমিক দল নিয়ে অনুশীলন করছেন বাংলাদেশের ফুটবলাররা।