গাজীপুরের পূবাইলে অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে জুয়েল (২৫) নামে এক যুবককে গাছে বেঁধে মারধর ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার (২৬ জুলাই) দুপুরে মহানগরীর পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল খিলগাঁও এলাকার জুলমত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে একই এলাকার রুস্তম আলীর অটোরিকশা থেকে চারটি ব্যাটারি চুরির অভিযোগ ওঠে জুয়েলের বিরুদ্ধে। পরে স্থানীয় সালিসের মাধ্যমে ৪০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করা হয়। আজ তবে রোববার দুপুরে ওই ঘটনার জের ধরে কয়েকজন ব্যক্তি জুয়েলকে ফের চোর আখ্যা দিয়ে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। অভিযোগ রয়েছে, এরপর তাকে নির্মমভাবে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দিনদুপুরে প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনি কার্যক্রম শুরু করে। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযোগে যাদের নাম এসেছে, তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।