মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির সম্ভাবনাকে সরাসরি উড়িয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স -এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছেন, ইরান এই মুহূর্তে কোনোভাবেই আমেরিকার বা ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চাইছে না। গালিবাফ স্পষ্ট করে বলেন, আমরা বিশ্বাস করি আক্রমণকারীর মুখে এমনভাবে ঘুষি মারা উচিত যাতে সে উপযুক্ত শিক্ষা পায় এবং ভবিষ্যতে আমাদের প্রিয় ইরানে আক্রমণ করার কথা কল্পনাও না করে।
গালিবাফের মতে, ইসরায়েল মূলত ‘যুদ্ধ-আলোচনা-যুদ্ধবিরতি এবং পুনরায় যুদ্ধ’—এই চক্রটি ব্যবহার করে অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। ইরান এখন এই চক্রটি চিরতরে ভেঙে দিতে বদ্ধপরিকর। তিনি মনে করেন, আলোচনার টেবিলে বসে সময় নষ্ট করার চেয়ে শক্তি প্রদর্শনের মাধ্যমেই শত্রুকে থামানো এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। স্পিকারের এই বক্তব্য তেহরানের সেই অনড় অবস্থানকেই প্রকাশ করছে, যেখানে তারা মার্কিন বা ইসরায়েলি কোনো চাপের মুখে মাথা নত করতে রাজি নয়।
মোহাম্মদ বাঘের গালিবাফ কেবল একজন স্পিকারই নন, তিনি আইআরজিসি-র সাবেক একজন শীর্ষ কমান্ডার। তার এই যুদ্ধংদেহী মনোভাব মূলত ইরানের কট্টরপন্থী শিবিরের চিন্তাধারার প্রতিফলন। ইরান মনে করে, বারবার যুদ্ধবিরতি আসলে ইসরায়েলকে পুনর্গঠিত হওয়ার সুযোগ করে দেয়, তাই তারা এবার চূড়ান্ত মীমাংসার পথেই হাঁটতে চাইছে।