চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-কে দেওয়ার প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এর আগে, গতাকল শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চূড়ান্ত আন্দোলনের ডাক দেয় সংগঠনটি। এর ফলে আজ সকাল থেকেই বন্দরের ভেতরে ও বহির্নোঙরে পণ্য খালাসসহ সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা তাঁদের দাবিনামা তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে: ১. ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চলমান ইজারা চুক্তি অবিলম্বে বাতিল করা। ২. চট্টগ্রাম বন্দরের বর্তমান চেয়ারম্যানকে প্রত্যাহার। ৩. আন্দোলনে যুক্ত শ্রমিক-কর্মচারী নেতাদের ওপর জারি করা শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার ও তাঁদের স্বপদে পুনর্বহাল। ৪. নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও সব ধরনের হয়রানি বন্ধ করা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে এক বৈঠকের পর দাবি পূরণের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছিল সংগ্রাম পরিষদ। তবে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ না পাওয়ার অভিযোগ তুলে মাত্র দুই দিনের মাথায় আবারও রাজপথে নামলেন বন্দর সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না কোনো শ্রমিক বা কর্মচারী।