আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের এই প্রচারণা শুরু হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে।
আজ বুধবার (২১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেট জেলায় পৌঁছাবেন। এরপর গভীর রাতে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রচারণা শুরু করবেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং তার নিজ নানীর কবর জিয়ারতসহ কয়েকটি ধর্মীয় ও ব্যক্তিগত সফরের পরিকল্পনা থাকলেও সম্ভাব্য বিপুল জনসমাগমের কারণে নির্বাচন কমিশনের অনুরোধকে সম্মান জানিয়ে তারেক রহমান ওই সফরগুলো বাতিল করেছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ কর্মসূচির বিষয়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকার সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারসহ পুলিশ বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে আগেই অবহিত করা হয়েছে।
এতে আরও জানানো হয়, ফ্যাসিবাদবিরোধী ১৬ বছরের দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানে বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভূমিকার মূল্যায়ন হিসেবে তারেক রহমান তার সফরগুলোতে পর্যায়ক্রমে ত্যাগী ও শীর্ষ নেতাদের সফরসঙ্গী করবেন। সিলেট সফরে তার সঙ্গে থাকবেন আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ, রাকিবুল ইসলাম রাকিবসহ আরও কয়েকজন তরুণ নেতা।
নির্বাচনী প্রচারণার শুরুতেই বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনী থিম সং উন্মোচনের ঘোষণাও দেওয়া হয়। আজ রাত ১২টা ১ মিনিটে, অর্থাৎ ২২ জানুয়ারির শুরুতে ঢাকার লেকশোর হোটেলে থিম সংটির উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।