শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৮.২২ শতাংশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৫:১৪ অপরাহ্ন

 ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাসের হার ৫৮.২২ শতাংশ, যা গত বছরের তুলনায় অনেকটা নিম্নমুখী।

আজ বৃহস্পতিবার(১০ জুলাই) দুপুরে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল্লাহ জানান, চলতি বছরে মোট ১,০৫,৫৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে পাশ করেছে ৬১,৪৫৬ জন এবং জিপিএ ৫ পেয়েছে ৬,৬৭৮ জন পরীক্ষার্থী।

জেলাভিত্তিক ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, জামালপুরে মোট ২৫,৭৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১৫,৩৩৬ জন (পাশের হার ৫৯.৪৬%), নেত্রকোনায় ১৯,৪১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১১,৬৬৯ জন (পাশের হার ৬০.০৮%), ময়মনসিংহে ৪৫,৮৫৬ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৬,৬৯১ জন (পাশের হার ৫৮.২০%) এবং শেরপুরে ১৪,৪৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭,৭৬০ জন (পাশের হার ৫৩.৫৪%)। উল্লেখযোগ্য যে, জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩,১২৩ জন ছাত্র এবং ৩,৫৫৫ জন ছাত্রী রয়েছেন।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, ‘সামগ্রিকভাবে পাশের হার আশানুরূপ না হলেও, শিক্ষার্থীরা বিশেষ করে ছাত্রীদের ধারাবাহিক অগ্রগতি আমাদের আশাবাদী করে তুলেছে। আগামী দিনে শিক্ষার গুণগত মান উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

এদিকে, অভিভাবক মহল ও শিক্ষা সংশ্লিষ্টদের একাংশ মনে করছেন, করোনা পরবর্তী শিক্ষার ধাক্কা, টেকসই অনুশীলনের অভাব এবং গ্রামাঞ্চলে শিক্ষার পরিকাঠামোগত দুর্বলতা এই ফলাফলের পিছনে অন্যতম কারণ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর