বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র শান্তির পথে না এলে সর্বশক্তি দিয়ে যুদ্ধ চালিয়ে যাবে ইরান-ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত শান্তির পথে ফিরে না আসবে, ততক্ষণ ইরান তার পূর্ণ শক্তি ও দৃঢ় মনোবল নিয়ে যুদ্ধ চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। তবে ওয়াশিংটন যদি আলোচনার টেবিলে বসতে চায়, তবে তেহরানও তাতে রাজি আছে বলে জানান তিনি।

আজ বুধবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জলিল রহিমি জাহানাবাদী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো প্রয়োজনীয় সামরিক সক্ষমতা ইরানের রয়েছে। গত এক বছরে দুই দফায় সংঘাতের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একটি সংঘাত বর্তমানেও চলমান। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, দুইবারই দ্বিপাক্ষিক আলোচনা চলাকালীন সম্পূর্ণ বেআইনিভাবে ইরানের ওপর হামলা চালিয়েছে আমেরিকা।’ এই যুদ্ধে এখন পর্যন্ত ইরানের অন্তত ৮০০ জন নাগরিক ‘শহিদ’ হয়েছেন বলে তিনি দাবি করেন।

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, বর্তমানে ইরান যে পাল্টা হামলা চালাচ্ছে, তা সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং জাতিসংঘের আইন অনুযায়ী তা বৈধ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে তাঁর কর্মস্থলে ‘কাপুরুষোচিত’ গুপ্ত হামলার মাধ্যমে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, ইরানও চাইলে একই ধরনের পদক্ষেপ নিতে সক্ষম, কিন্তু তেহরান এ ধরনের ‘নিকৃষ্ট’ কাজে জড়াতে চায় না।

প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিষয়ে সতর্কবার্তা দিয়ে রাষ্ট্রদূত বলেন, নিজেদের প্রতিরক্ষায় ইরান ওই ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে। তবে কোনো মুসলিম দেশ যেন এই বর্বরোচিত সংঘাতে নিজেদের না জড়ায়, সে জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।

ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানে অবস্থানরত সকল বিদেশি নাগরিকের নিরাপত্তার দায়িত্ব ইরান সরকারের।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর