সাকিব আল হাসানকে দ্রুত দেশের ক্রিকেটে ফেরাতে সমন্বিতভাবে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির পরিচালক ও বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর জানিয়েছেন, বিষয়টি বর্তমানে অগ্রাধিকার ভিত্তিতে দেখা হচ্ছে।
গতকাল বুধবার (৪ মার্চ) কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘ইয়াং টাইগার্স’ অনূর্ধ্ব–১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আসিফ আকবর জানান, সাকিবের মাঠে ফেরাকে ঘিরে যে আইনগত জটিলতা তৈরি হয়েছিল, তা নিরসনে ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি যৌথভাবে কাজ করছে।
একই অনুষ্ঠানে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন বিসিবি পরিচালক। তিনি জানান, স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, স্টেডিয়াম ঘিরে একটি এমিউজমেন্ট পার্ক এবং তারকা মানের হোটেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গ্যালারি সম্প্রসারণ, দর্শকসুবিধা বৃদ্ধি, ড্রেসিং রুম ও মিডিয়া সুবিধা আধুনিকায়নসহ আরও কিছু উন্নয়নকাজ বাকি রয়েছে।
তিনি বলেন, বর্তমানে সেখানে নিয়মিত ম্যাচ আয়োজন করা হলেও আন্তর্জাতিক বা বড় মাপের টুর্নামেন্ট আয়োজনের জন্য যে পূর্ণাঙ্গ অবকাঠামো প্রয়োজন, তা এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। ধাপে ধাপে উন্নয়নকাজ সম্পন্ন হলে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ভবিষ্যতে বড় আয়োজনের ভেন্যু হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।