লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় হামলা চালিয়ে দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে থানা থেকে ছিনিয়ে নেয়ার ঘটনায় বিএনপির দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে দলটি।
শুক্রবার রাতে (৪ জুলাই) জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদিন স্বপন স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন, পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদ হোসেন রব্বি ও বিএনপি নেতা বাদশা জাহাঙ্গীর মোস্তাজির চপলকে।
ওই চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচরের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে যুবদল ও বিএনপি। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে এই চিঠিতে।
এর আগে গত ২ জুলাই রাতে লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিকে রাব্বি ও চপলকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ হামলায় থানার ওসিসহ অন্তত ২০ জন আহত হন। থানার চেয়ার, টেবিল, কম্পিউটার ও ল্যাপটপ ভাঙচুর করে, গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে, ইট-পাটকেল ছুড়ে থানার জানালার কাঁচ ও দরজা ভাঙচুরের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। সবশেষ পাটগ্রাম থানায় হামলার সময় হাতীবান্ধা থানা অবরোধের অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়।