ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রধারী দেহরক্ষীসহ প্রবেশ করাকে কেন্দ্র করে দায়িত্বরত এমপি সেনা সদস্যদের সঙ্গে ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানের তর্কে জড়িয়ে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি ঘটনার ব্যাখ্যা দেন এবং বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন।
ভিডিওতে দেখা যায়, ডা. খালিদুজ্জামান তাঁর গানম্যানসহ ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত সেনাসদস্যরা তাতে বাধা দেন। এ সময় সেনাসদস্যরা তাঁকে জানান, নিরাপত্তার খাতিরে এবং সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী ক্যান্টনমেন্টের ভেতরে অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশের অনুমতি নেই। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাকে উত্তেজিত অবস্থায় দেখা যায়।
ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে সচেষ্ট থাকবেন জানিয়ে তিনি আরও বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে আমি দুঃখ প্রকাশ করছি। ক্যান্টনমেন্ট এরিয়ার মর্যাদা সমুন্নত রাখা আমার দায়িত্ব।’
এদিকে বিষয়টি নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি তাৎক্ষণিকভাবেই সমাধান হয়ে গিয়েছিল। এ নিয়ে নতুন করে মন্তব্যের কিছু নেই।