সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, ৫ বারের সাবেক সংসদ সদস্য ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলহাজ মো. আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত সংসদ সদস্য আব্দুল হাইয়ের জানাজায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।
জানাজা শেষে আব্দুল হাইয়ের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এরপর মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
জানাজায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ মিয়া নুরুদ্দীন আহমেদ অপুর পাশাপাশি অন্যান্য জাতীয় সংসদ সদস্যবৃন্দ অংশ নেন।
উল্লেখ্য, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক এই সভাপতি আলহাজ মো. আব্দুল হাই বুধবার রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।