রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতাল ও এর সংলগ্ন এলাকায় যে কোনো ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান তথ্যটি নিশ্চিত করেন।
তিনি বলেছেন, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৪ ডিসেম্বর বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় যেকোনো প্রকার ড্রোন উড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
তিনি জানান, অনুমোদনহীন ড্রোন উড়ানোর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।