শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেজ, সংসদ সচিবালয়ের সতর্কতা কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত সরকারি সফরে পাবনা পৌঁছেছেন রাষ্ট্রপতি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি পেলো বাংলাদেশ স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৩০ মার্চ ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইরানে প্যারাস্যুট নিয়ে নামবে ২ হাজার মার্কিন সেনা ওমান উপকূলে মার্কিন জাহাজে ইরানের হামলা র‌্যাবের ১২তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আহসান হাবীব

মায়ামির নতুন স্টেডিয়ামে মেসির নামে ‘স্ট্যান্ড’

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৪:০০ অপরাহ্ন

লিওনেল মেসির জাদুকরী ছোঁয়ায় বদলে যাওয়া ইন্টার মায়ামি তাদের প্রিয় অধিনায়ককে এক অনন্য সম্মাননা দিচ্ছে। ক্লাবের নবনির্মিত ‘নু স্টেডিয়াম’-এর একটি গ্যালারি বা স্ট্যান্ডের নামকরণ করা হচ্ছে এই আর্জেন্টাইন মহাতারকার নামে। এখন থেকে স্টেডিয়ামের নির্দিষ্ট একটি অংশ ‘লিও মেসি স্ট্যান্ড’ হিসেবে পরিচিতি পাবে।

সাধারণত কোনো খেলোয়াড় অবসরে যাওয়ার পর বা ক্যারিয়ারের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর এমন সম্মাননা দেওয়া হয়। তবে ৩৮ বছর বয়সী মেসির ক্ষেত্রে সেই প্রথা ভেঙেছে মায়ামি কর্তৃপক্ষ। মাঠের লড়াইয়ে সক্রিয় থাকাবস্থাতেই নিজের নামে গ্যালারির সামনে খেলার এক বিরল অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছেন এই ফুটবল কিংবদন্তি।

ব্যতিক্রমী এই সিদ্ধান্তের বিষয়ে এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘ঐতিহ্যগতভাবে সম্মাননা দেওয়া হয় অতীত বা নস্টালজিয়াকে মাথায় রেখে। কিন্তু আমাদের এই সিদ্ধান্তটি বর্তমানকে ঘিরে। প্রতিবার লিও যখন মাঠে নামে, আমরা যা অনুভব করি-এটি তারই বহিঃপ্রকাশ। কাউকে স্বীকৃতি দেওয়ার অর্থ সবসময় কোনো অধ্যায়ের সমাপ্তি টানা নয়; বরং আপনি যে অনন্য কিছুর সাক্ষী হচ্ছেন, সেটি উপলব্ধি করা।’

স্টেডিয়ামের লোয়ার বোলের ১১৭-১২১ নম্বর সেকশন এবং আপার বোলের ২১৭-২৩৩ নম্বর সেকশন নিয়ে গঠিত হবে এই বিশেষ স্ট্যান্ড। আগামী ৪ এপ্রিল মেজর লিগ সকারে অস্টিন এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন এই স্টেডিয়ামের উদ্বোধন হবে। উদ্বোধনী ম্যাচে ‘লিও মেসি স্ট্যান্ড’-এ বসে খেলা দেখা দর্শকদের জন্য বিশেষ চমক ও রোমাঞ্চকর অভিজ্ঞতার ব্যবস্থা রেখেছে মায়ামি কর্তৃপক্ষ।

২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটিকে সাফল্যের চূড়ায় নিয়ে গেছেন মেসি। তাঁর নেতৃত্বে ইন্টার মায়ামি ইতিমধ্যে লিগস কাপ (২০২৩), সাপোর্টার্স শিল্ড (২০২৪) এবং এমএলএস কাপ (২০২৫) জয়ের স্বাদ পেয়েছে। ব্যক্তিগত নৈপুণ্যেও তিনি উজ্জ্বল; মায়ামির হয়ে ৯৪ ম্যাচে ৮২ গোল ও ৫৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। এছাড়া ২০২৪ ও ২০২৫ সালে টানা দুবার এমএলএসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

উল্লেখ্য, নিজের নামে স্ট্যান্ড পাওয়ার অভিজ্ঞতা মেসির জন্য এটাই প্রথম নয়। এর আগে, ২০২৩ সালের জুনে তাঁর শৈশবের ক্লাব নিওয়েল’স ওল্ড বয়েজও তাদের স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করেছিল এই খুদে জাদুকরের নামে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর