লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতের চরম মূল্য দিতে হচ্ছে নিষ্পাপ শিশুদের। গত ২ মার্চ থেকে যুদ্ধ ভয়াবহ রূপ নেওয়ার পর মাত্র সাত দিনে অন্তত ৮৩ জন শিশু নিহত এবং ২৫৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
আজ সোমবার (৯ মার্চ) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই লোমহর্ষক তথ্য উঠে এসেছে।
বিবৃতিতে ইউনিসেফ উল্লেখ করেছে, গত এক সপ্তাহে লেবাননজুড়ে প্রতিদিন গড়ে ১০ জনেরও বেশি শিশু প্রাণ হারিয়েছে এবং প্রতিদিন প্রায় ৩৬ জন শিশু আহত হচ্ছে। দীর্ঘ ২৮ মাসের পরিসংখ্যান টানলে দেখা যায়, দেশটিতে এ পর্যন্ত ৩২৯ জন শিশু নিহত এবং ১,৬৩২ জন আহত হওয়ার রেকর্ড করা হয়েছে। এই সংখ্যাগুলোকে ‘স্তম্ভিত করার মতো’ অভিহিত করে সংস্থাটি বলেছে, এটি শিশুদের ওপর যুদ্ধের ভয়াবহ প্রভাবের এক স্পষ্ট ও নিষ্ঠুর প্রমাণ।
যুদ্ধের কারণে লেবাননজুড়ে সৃষ্টি হয়েছে বিশাল মানবিক বিপর্যয়। প্রায় ৭ লাখ মানুষ ইতিমধ্যে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে, যাদের মধ্যে শিশুর সংখ্যাই প্রায় ২ লাখ। ইউনিসেফ সকল পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার এবং স্কুল ও আশ্রয়কেন্দ্রের মতো বেসামরিক স্থাপনাগুলো রক্ষার জোর আহ্বান জানিয়েছে। শিশুদের ওপর আর কোনো আঘাত আসার আগেই পরিস্থিতি শান্ত করতে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি। -সূত্র- আল জাজিরা