শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিম-মুশফিক-লিটন-মিরাজদের শোক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ২:০৬ অপরাহ্ন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে।

আজ মঙ্গলবার ( ৩০ ডিসেম্বর) সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর প্রয়াণে জাতীয় দলের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি বিপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি দল গভীর শোক প্রকাশ করেছে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শোকবার্তায় লেখেন,‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছি।

এই শোকের মুহূর্তে তাঁর পরিবার, প্রিয়জন এবং দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শোক জানিয়ে লেখেন, ‘মহান আল্লাহ তা’আলা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন এবং তাঁকে ক্ষমা করুন। তাঁর আত্মার শান্তি এবং দেশের জন্য শক্তি কামনা করছি।’

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলা অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক জানানোর ছবি পোস্ট করে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শোক জানিয়ে লেখেন, ‘তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তাঁর রুহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

সাকিব আল হাসান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘এই শোকের মুহূর্তে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন।

আল্লাহ তায়ালা তাঁর রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।’

বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্সের পক্ষ থেকেও খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানানো হয়। তাঁদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা পোস্টে লেখা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই! সারা দেশের মতো শোকাহত রাইডার্স পরিবার। মহান আল্লাহ তা’আলা তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।

সিলেট টাইটানসের ভেরিফায়েড ফেসবুক পেজে শোক জানিয়ে করা পোস্টে লেখা হয়, ‘সিলেট টাইটানস পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। আজ আমরা আমাদের দেশের ইতিহাসে এক বিশাল ব্যক্তিত্বকে হারানোর শোক প্রকাশ করছি—একজন নেতা, যার সাহস এবং নিবেদন লাখ লাখ মানুষের ভাগ্য গড়ে দিয়েছে। বাংলাদেশের জনগণের প্রতি তাঁর অটল প্রতিশ্রুতি চিরকাল আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।’

রাজশাহী ওয়ারিয়র্সের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, ‘একজন নেতা, যিনি সবচেয়ে ভয়ংকর ঝড়ের মুখেও দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছিলেন; তাঁর সহিষ্ণুতা এবং কর্তব্য কখনো ভুলে যাওয়ার নয়। রাজশাহী ওয়ারিয়র্স পরিবার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছে। চিরশান্তিতে বিশ্রাম করুন।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর