ভুল সংবাদ প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করলে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন,সংবাদপত্রে প্রকাশিত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি বাতিলের খবর ভিত্তিহীন ও ভুয়া বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।
আজ বুধবার (০৪ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আজাদ বলেন, মুজিবনগর সরকারের যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা মুক্তিযোদ্ধা। তাঁদের স্বীকৃতি দিয়ে কারও সম্মান ক্ষুণ্ন হয়নি বলেও দাবি করেন তিনি।
উপ-প্রেস সচিব বলেন, যারা এখন থেকে মিথ্যা, ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করবেন, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে, তাদের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। তথ্য প্রকাশে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
তিনি বলেন, যেসব গণমাধ্যম ভুল সংবাদ প্রচার করেছেন, তারা তাদের ভুলটা সংশোধন করবেন। যেখানে তারা ভুল সংবাদটি ছাপিয়েছেন, ঠিক একই জায়গায় তারা সংশোধনী ছেপে পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন বলেও জানান উপ-প্রেস সচিব।
এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী, র্যাবের ইন্টেলিজেন্স ইউনিট একটি ভয়াবহ কিলার ও হত্যাকারী দলে পরিণত হয়েছিল। অনেক সদস্য পদোন্নতি ও আকর্ষণীয় পোস্টিংয়ের আশায় এসব ঘটনায় জড়িয়ে পড়তেন।