আজ মঙ্গলবার (২০ মে) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ফলে তারা এখন বিসিএসের বিভিন্ন ক্যাডারে যোগদানের সুযোগ পাবেন।
বাদপড়া প্রার্থীরা গেজেটভুক্তির দাবিতে চলতি বছরের জানুয়ারি থেকে একাধিকবার সংবাদ সম্মেলন, মানববন্ধন এবং অনশন কর্মসূচি পালন করেছেন।
সর্বশেষ, গত ২৯ এপ্রিল থেকে কয়েকজন বাদপড়া প্রার্থী গেজেটভুক্তির পাশাপাশি ভেরিফিকেশন নীতিমালার দাবিতে আমরণ অনশন শুরু করেন। অবশেষে তাদের দাবির পরিপ্রেক্ষিতে ১৬২ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলো।
উল্লেখ্য, পাঁচ বছরের দীর্ঘ প্রক্রিয়া শেষে ৪৩তম বিসিএসে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে গত ১৫ জানুয়ারি প্রথম দফায় নিয়োগপ্রাপ্তরা চাকরিতে যোগ দেন। তবে গেজেটে স্থান না পাওয়ায় ২২৭ জন প্রার্থী তখন যোগদান করতে পারেননি।
পরবর্তীতে, ৩০ ডিসেম্বরের প্রজ্ঞাপনে পূর্বের সুপারিশ থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দিয়ে ১,৮৯৬ জনকে দ্বিতীয় দফায় গেজেটভুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই বাদপড়া ২২৭ জনের মধ্য থেকে এবার ১৬২ জনকে নিয়োগে অন্তর্ভুক্ত করা হলো।