আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সরকারের গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের পর দলটির নিবন্ধনের বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
সোমবার (১২ মে) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আমেরিকার ‘কার্টার সেন্টার’-এর পরিদর্শক দলের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আওয়ামী নিষিদ্ধের বিষয়ে পত্র-পত্রিকায় দেখেছি। কিন্তু আমাদের কাছে এখনও কোনও প্রজ্ঞাপন আসেনি। প্রজ্ঞাপন জারি হওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া যাবে না।
তিনি আরও বলেন, পরিদর্শক দলটি আগামী নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছে। প্রতিষ্ঠানটি নির্বাচন পর্যবেক্ষণে আসতে চায়। এ সময় ইসি পর্যবেক্ষদের স্বাগত জানায় বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২ অনুযায়ী, কোনো দলকে নিজেদের প্রতীক নিয়ে নির্বাচন করতে চাইলে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেতে হয়। অন্যথায় সংশ্লিষ্ট দল অন্য দলের সঙ্গে জোট করে নির্বাচন করতে পারলেও নিজেদের পরিচয়ে ভোটে অংশ নিতে পারে না। নবম সংসদ নির্বাচনের আগে নিবন্ধন প্রথা চালু হয়, আর সংশ্লিষ্ট আইনে নিবন্ধন বাতিলের বিধানও অন্তর্ভুক্ত করা হয়।