রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দগ্ধ শরীরে যখন আহতদের হাসপাতালে আনা হচ্ছে, তখন চারদিকে ছড়িয়ে পড়ছে কান্নার রোল।
আজ সোমবার (২১ জুলাই) দুপুর সাড়ে ৩টা ৪০ মিনিট পর্যন্ত ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে এ ঘটনায় আহত ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ১ জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আর ১০ থেকে ১৫ জনকে সেখানে সেবা দেওয়া সম্ভব হবে বলে জানা গেছে। তবে আহতদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি অনেকের ৩০-৪০ শতাংশের বেশি পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কেউ হাতের চামড়া হারিয়েছেন, কারো মুখ ঝলসে গেছে।
অভিভাবকেরা ছুটে এসে সন্তানকে খুঁজছেন, কেউ নাম জানে না, শুধু পোশাক দেখে শনাক্ত করার চেষ্টা করছেন।হাসপাতালের করিডোরে অসংখ্য অভিভাবক কান্নায় ভেঙে পড়েছেন। কেউ চিৎকার করছেন, কেউ ঘটনায় হতবিহ্বল।