রাজধানী ঢাকার বেশ কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে এর আগে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। এবার ঢাকা সেনানিবাস ঘিরে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।রোববার (১৮ মে) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।আজ শনিবার (১৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়।
এতে বলা হয়, ‘সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে’ আগামীকাল ১৮ মে (রোববার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় স্বরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেটসংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভারসংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্ত্বর ও তৎসংলগ্ন এলাকায় ‘সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ’ করা হলো।
এর আগে গত বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মহানগর পুলিশও (ডিএমপি) রাজধানীর বেশ কিছু স্থানে এ ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে। স্থানগুলো হচ্ছে, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২–এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে।এসব স্থানে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে ডিএমপি।