মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে গ্রিন সিগন্যাল মিলেছে।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, ভারতে গ্রেপ্তার হওয়া শরীফ ওসমান হাদি হত্যার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এখনও ভারতের কাছ থেকে কনস্যুলার অ্যাক্সেস পায়নি ঢাকা। তবে দ্রুতই অ্যাক্সেস পাবে, এমন আশা করছে সরকার। আর তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা সরকারের অগ্রাধিকার বলেও জানিয়েছেন তিনি।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, শেখ হাসিনাসহ ভারতে যারা পালিয়ে আছে, তাদের ফেরত আনার বিষয়ে দেশটির হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে।
আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশিদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে কাজ করছে সব মিশন। ইরানে থাকা ২ হাজারের বেশি বাংলাদেশি দেশটিতে নিরাপদে আছেন। তারা ফিরতে চাইলে সরকার কাজ করবে বলেও জানান তিনি।
এ ছাড়া ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন শামা ওবায়েদ।