রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

ওয়েস্ট ইন্ডিজ পেসার জোসেফ দুই ম্যাচ নিষিদ্ধ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন

ম্যাচ চলাকালীন অধিনায়কের সাথে তর্ক করে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার ঘটনায় পেসার আলজারি জোসেফকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে  ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।   এক বিবৃতিতে জোসেফের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।

গত বৃহস্পতিবার ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শৃঙ্খলাভঙ্গ করেন জোসেফ। ইংল্যান্ড ইনিংসের চতুর্থ ওভারে বোলিং করতে আসেন জোসেফ। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপের ফিল্ডিং সাজানো পছন্দ হয়নি তার। তাই হোপের উপর রেগে যান জোসেফ। ঐ ওভারে ইংল্যান্ডের জর্ডান কক্সকে আউট করেও উদযাপন না করে বোলিং প্রান্তে চলে যান তিনি।

ওভার শেষে হোপের সাথে ক্ষুব্ধ আচরণ করে কিছু না বলেই মাঠ থেকেই বেরিয়ে যান জোসেফ। এতে কিছুক্ষণ ১০ জন নিয়ে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ডাগআউটে জোসেফের সাথে কথা বলেন কোচ ড্যারেন স্যামি। কিন্তু কোচকেও পাত্তা দেননি তিনি। তাই জোসেফের বিপক্ষে শাস্তির সিদ্বান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।

এক বিবৃতিতে সিডব্লুআইর ক্রিকেট পরিচালক মাইলস বাসকম্ব বলেন, ‘আলজারির এই আচরণ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মৌলিক মূল্যবোধের বিপরীত। এই ধরনের ঘটনা এড়িয়ে যাওয়ারও সুযোগ নেই। ঘটনাটি অনেক বেশি গুরুতর। তাই আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি।’

ম্যাচের পর অধিনায়ক শেই হোপ, সতীর্থ, টিম ম্যানেজমেন্ট ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন জোসেফ। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সমর্থকদের কাছেও ক্ষমাপ্রার্থনা করছি। অমি বুঝতে পেরেছি, আমার বিবেচনাবোধের এই ছোট্ট ঘাটতির প্রভাব পড়তে পারে এবং সবাইকে হতাশ করার জন্য আমি গভীরভাবে অনুশোচনা করছি।’

মাঠ থেকে বেরিয়ে যাবার পর ষষ্ঠ ওভারের আগে আবারও খেলতে নামেন জোসেফ। ম্যাচে পুরো ১০ ওভার বল করে ৪৫ রানে ২ উইকেট নেন তিনি। ঐ ম্যাচ ৮ উইকেটে জিতে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর