চলতি ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে দেশে ১৮০ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২২ হাজার কোটি টাকা। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৮০ কোটি ৭০ লাখ ডলার। এর মধ্যে শুধু ১৬ ফেব্রুয়ারি এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার। যেখানে গত বছরের একই সময়ে দেশে ১৪৯ কোটি ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।
বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র আরও জানিয়েছেন, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলো থেকে ডলার কিনে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
এর আগে গত বছরের ডিসেম্বরে দেশে ৩ দশমিক ২৩ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। তারও আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চে দেশে এসেছিল ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স। যা ছিল দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।