বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

নৌবন্দরগুলোর অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে: উপদেষ্টা উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন

ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত পানগাঁ নৌবন্দরের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল এবং বন্দরটিকে লাভজনক করতে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা কমানোর নির্দেশ দিয়েছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।তিনি বলেন, বন্দর, সিপোর্ট, বড় বড় নদী পোর্ট, বেশ কিছু স্থলবন্দর এখানে বেশ অনিয়ম আছে। এতে কোনো সন্দেহ নেই। এগুলো আমরা আস্তে আস্তে দূর করার চেষ্টা করছি। অনেকে বলে কয়েকজন মিলে দখল করে রেখেছে। গণমাধ্যমেও এটি এসেছে। এগুলো দখলমুক্ত করা একটি বড় চ্যালেঞ্জ। এটি যেন সবার জন্য উন্মুক্ত থাকে। পার্টিকুলার কারও হাতে যেন না থাকে। আগে যারা ক্ষমতায় ছিলেন তারা সরকারি কোনো কিছু চালাতে দেননি। এতে মানুষের দুর্ভোগ হচ্ছে। আমরা সব কিছু নিয়েই কাজ করছি।

 সোমবার (৪ অক্টোবর) পানগাঁ নদী বন্দর, আনন্দ শিপইয়ার্ড এবং নারায়ণগঞ্জের  ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) এবং ডেক অ্যান্ড ইঞ্জিন পার্সোনেল ট্রেনিং সেন্টারের (ডিইপিটিসি) চলমান প্রকল্প ও কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা ঢাকার জেলা প্রশাসকের মাধ্যমে জমি অধিগ্রহণ করে  বিআইডব্লিটিসির তত্ত্বাবধানে জেটি এবং পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি নৌপথে ভাসমান রেস্টুরেন্ট ও  পর্যটন জাহাজ চালুর উদ্যোগ গ্রহণ করতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশনা দেন।

পানগাঁ বন্দরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে রাজস্ব কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে বন্দরে আমদানি করা পণ্য খালাসের নির্দেশনা দিয়ে উপদেষ্টা বলেন, অবস্থানগত কারণে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অবস্থিত পানগাঁও একটি গুরুত্বপূর্ণ নৌবন্দর। এ নৌবন্দরকে আরও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে বর্তমান সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। ইতোমধ্যে পানগাঁও নৌবন্দরের সঙ্গে সম্পৃক্ত সকল স্টেকহোল্ডারদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সরকারের আমলে চট্রগ্রাম-পানগাঁ নৌরুটে ভাড়া বৃদ্ধির বিষয়টি সমন্বয় করতে দ্রুততম সময়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, প্রয়োজনভেদে যে সকল পণ্যের ভিজুয়াল ইন্সপেকশনেই সঠিকতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়, সেসকল পণ্যের জন্য বুয়েট বা অন্য কোনও প্রতিষ্ঠানে পরীক্ষা-নিরীক্ষা করার নামে দীর্ঘসূত্রতা ও জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না।

আনন্দ শিপইয়ার্ড পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, জাহাজ নির্মাণ শিল্প দেশের একটি সম্ভাবনাময় খাত। বর্তমান সরকার দেশের জাহাজ নির্মাণ শিল্পকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। আনন্দ শিপ ইয়ার্ড দেশে বিদেশে জাহাজ রফতানি করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে ও প্রভূত সুনাম বয়ে আনছে। সরকার জাহাজ নির্মাণ শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

উপদেষ্টা এ সময়ে আনন্দ শিপইয়ার্ডে নির্মানাধীন বিআইডব্লিউটিসিএ’র চারটি সি ট্রাক এবং বিআইডব্লিউটিএ’র একটি সার্ভে ভেসেল নির্মাণের কাজ দ্রুততম সময়ের মধ্যে সমাপ্ত করে চালুর নির্দেশনা দিয়ে বলেন,  বিচ্ছিন্ন দ্বীপগুলো যেমন সন্দীপ হাতিয়া-মহেশখালীতে যাতায়াতের ক্ষেত্রে জনগণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনগণের দুর্ভোগ লাগবে সরকার এ সকল রুটে নৌ যোগাযোগ স্থাপন করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। বিগত ১৫ বছরে কেবল ব্যক্তি স্বার্থে নৌপথের বিভিন্ন রুটে শুধু বেসরকারি জাহাজ চলাচলের সুযোগ করে দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় পর্যায়ে কোনও উদ্যোগ ছিল না। কিন্তু আমরা সরকারিভাবে জনগণের চাহিদার কথা চিন্তা করে জনবান্ধব নানা পদক্ষেপ নিয়েছি।

নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, নৌবাহিনী সার্বিক তত্ত্বাবধানে অত্যন্ত সুশৃংখল ও সুন্দরভাবে এ ডকইয়ার্ডটি পরিচালিত হচ্ছে। এটি রাষ্ট্রের একটি লাভজনক প্রতিষ্ঠান। এখানে বুয়েট এমআইএসটিসহ স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়াররা দক্ষতার সাথে কাজ করছে। এটিকে এগিয়ে নিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। দেশের যেকোনো প্রয়োজনে জাহাজ নির্মাণ ও মেরামতে ডকইয়ার্ডটি প্রস্তুত রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দীর্ঘদিনযাবত চট্টগ্রাম বন্দরসহ অন্যান্য বন্দরগুলোতে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা চলে আসছে। বন্দরকেন্দ্রিক নানা সিন্ডিকেট গড়ে উঠেছে। চট্টগ্রাম বন্দরসহ অন্যান্য সকল বন্দরগুলোকে সিন্ডিকেটমুক্ত করা হবে। নিজেদের কাজ নিজেরা করার মতো সক্ষমতা বন্দরগুলোর রয়েছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। নৌপথে জনসাধারনের যাতায়াতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে প্রয়োজনে নৌপথের নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে বলে জানান তিনি।

উপদেষ্টার পরিদর্শনকালে এ সময় নৌবাহিনীর অ্যাসিস্টেন্ট চিফ অব নেভাল স্টাফের রিয়ার অ্যাডমিরাল খন্দকার আকতার হোসাইন, কমডোর জাহাঙ্গীর আদিল সামদানী, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. জাহিদুল ইসলাম, উপসচিব কাজী আরিফ বিল্লাহ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সঞ্জয় কুমার বণিক, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, পরিচালক (অর্থ) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী, পরিচালক (বাণিজ্যিক) এস এম আশিকুজ্জামান, বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ-নিট্রা বিভাগ) মো. সাইফুল ইসলাম, পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) এ কে এম আরিফ উদ্দিন, বিআইডব্লিউটিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও বৃত্তাকার নৌ-পথের প্রকল্প পরিচালক আবু জাফর মোহাম্মদ শাহনেওয়াজ কবির প্রমুখ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর