বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:০৯ অপরাহ্ন

নারীর ক্ষমতায়ন ও নারী সাংবাদিকদের পেশাগত উন্নয়নে সরকারের আন্তরিকতার অভাব নেই।এ কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

তিনি বলেন, নারী সাংবাদিকদের সংগঠনকে কার্যকর ও শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সরকার ইতিবাচক। উইমেন্স জার্নালিস্ট ফোরামের আর্থিক সহায়তা, নিজস্ব কার্যালয়, পত্রিকা ও ম্যাগাজিনের তালিকাভুক্তি এবং সাংবাদিকদের পেশাগত সংকট নিয়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।

তিনি আজ বৃহস্পতিবার(২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

উইমেন্স জার্নালিস্ট ফোরাম নিবন্ধন পাওয়ায় সংগঠনটির সদস্যদের অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, একটি সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্যে প্রথমেই এর আর্থিক ভিত্তি শক্ত থাকা অত্যন্ত জরুরি। ফোরামের হাতে পর্যাপ্ত অর্থ না থাকলে সংগঠনটির কার্যক্রম এগিয়ে নেওয়া কঠিন হবে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরাসরি অর্থ দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিবিধান ও প্রক্রিয়া রয়েছে। বিষয়টি তিনি বুঝতে পেরেছেন। তবে ফোরামের পক্ষ থেকে যেভাবে আবেদন করা হয়েছে, সে বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। সংগঠনটির জন্য প্রয়োজনীয় তহবিলের ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরবেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, নারী সাংবাদিকদের ক্ষমতায়ন সরকারের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এ ক্ষেত্রে সংগঠনটির কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্য কী ধরনের সহযোগিতা করা যায়, তা নিয়ে সরকার কাজ করতে আগ্রহী।

তিনি আশা করেন, আলোচনার মাধ্যমে ফোরামের আর্থিক ভিত্তি গড়ে তোলার বিষয়ে ইতিবাচক সমাধান পাওয়া যাবে।

নারী সাংবাদিকদের পেশাগত সংকট প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে গণমাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিকদের চাকরি ও বেতন নিয়ে নানা সমস্যা রয়েছে। অনেক গণমাধ্যম প্রতিষ্ঠানে প্রয়োজনের তুলনায় বেশি কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। অথচ কর্মীদের নিয়মিত বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। এসব সমস্যার কথা সরকার জানতে পারছে এবং বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে।

আন্দালিভ রহমান পার্থ বলেন, ঢাকার বাইরের সাংবাদিকদের পরিস্থিতিও উদ্বেগজনক। মফস্বলে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা ও আর্থিক সংকট নিয়ে নানা অভিযোগ রয়েছে। এসব সমস্যা সমাধানে সাংবাদিকদের সংগঠিত হওয়া এবং পেশাগত অধিকার প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বপূর্ণ।

সাংবাদিকদের নিবন্ধন ও গণমাধ্যমের পরিচয় নির্ধারণ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, প্রকৃত সাংবাদিকদের পেশাগত স্বীকৃতি নিশ্চিত করা প্রয়োজন। বর্তমানে অনলাইন পত্রিকা ও বিভিন্ন গণমাধ্যমের পরিচয় এবং নিবন্ধন নিয়ে অনেক ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে। কে প্রকৃত সাংবাদিক, কোন গণমাধ্যম নিবন্ধিত, এসব বিষয়ে সুনির্দিষ্ট ধারণা থাকা জরুরি। তবে সাংবাদিকদের নিবন্ধন বা গণমাধ্যমের কার্যক্রম নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে গেলে বাকস্বাধীনতার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

তিনি বলেন, একদিকে প্রকৃত সাংবাদিকদের পেশাগত স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করতে হবে, অন্যদিকে বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাও অক্ষুণ্ন রাখতে হবে। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে চায় না। বরং গণমাধ্যমকে সহযোগিতা করার চেষ্টা করছে। সাংবাদিকদের সমস্যা ও সংগঠনগুলোর প্রয়োজনীয়তা নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যরা সংগঠনটির কার্যক্রম, আর্থিক সংকট, নিজস্ব কার্যালয়ের প্রয়োজনীয়তা এবং নারী সাংবাদিকদের পেশাগত নানা সমস্যা তুলে ধরেন।

তথ্যমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর