বাংলাদেশে চলমান প্রকল্পসমূহে কর্মরত ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা । এবং সকল প্রকল্পের কাজ অবিলম্বে শুরু করার বিষয়ে আশ্বাস দেন। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এই সরকার বহু ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠিত হয়েছে। এই সরকার অন্য সরকারের মতো নয়। যারা জীবন দিয়েছে এবং আহত হয়েছে তাদের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে এই গুরুদায়িত্ব নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
বুধবার মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর সরকার বাংলাদেশ সরকারের সাথে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী। এ সময় তিনি বাংলাদেশের ভৌগোলিক গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, চলমান প্রকল্পগুলো সুষ্ঠুভাবে এগিয়ে নেয়ার ব্যাপারে বাংলাদেশের সাথে ভারত কাজ করতে আগ্রহী।
বিদ্যুৎ, জ্বালানি, সড়ক ও রেলসহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের অংশীদারিত্বের ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।
এ সময় সোলার এনার্জি ও ফ্লোটিং সোলার পার্কের বিষয়ে আলোচনা হয়। বিমসটেকের প্রস্তাবনার আলোকে নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশের মধ্যে পাওয়ার কানেক্টিভিটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, রেলপথ মন্ত্রণালয় সচিব আবদুল বাকী ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম উপস্থিত ছিলেন।