মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আজ সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স ও স্পেন আত্মহত্যা করলেন জনপ্রিয় অভিনেতা জশ গ্রিসেত্তি জর্ডানের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুদের টাইফয়েডের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকাসহ চার জেলায় বিক্ষোভ বাগেরহাটে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সারাদেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের শিক্ষার্থীদের আবদার মেটাতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকাসহ চার জেলায় বিক্ষোভ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেই এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কলেজশিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে একাধিক ভুল ছিল এবং প্রশ্নের মান ছিল অস্বাভাবিকভাবে কঠিন। তাঁদের দাবি, অভিন্ন প্রশ্নপত্র অতীতের তুলনায় অনেক বেশি কঠিন হওয়ায় পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন।

দুপুরের দিকে ঢাকার বকশীবাজারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে তাঁরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী ইট নিক্ষেপ ও বোর্ডের প্রধান ফটকে ধাক্কাধাক্কি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন।

এর আগে সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। পরে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। সেখান থেকে তাঁরা পলাশীর মোড় হয়ে শিক্ষা বোর্ডের সামনে গিয়ে অবস্থান নেন।

রাজধানীর বাইরে উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক, বরিশালে ঢাকা–বরিশাল মহাসড়ক এবং ময়মনসিংহে ময়মনসিংহ–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পাশাপাশি কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিরপুরেও শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে একদল শিক্ষার্থী ঢাকা কলেজের সামনে এবং অন্য দল টিএসসির দিকে চলে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এই কর্মসূচিতে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজসহ অন্তত ১২ থেকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’ এবং ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত অভিযোগ করেন, পদার্থবিজ্ঞান পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে দুটি ভুল ছিল এবং বাকি প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মতো কঠিন। তিনি বলেন, এ কারণে কেউ ফেল করলে তার দায় শিক্ষামন্ত্রী নেবেন কি না।

ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী আহনাফ মুনজি বলেন, বৈরী আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে পারেননি। কেউ কেউ পথে দুর্ঘটনার শিকার হয়েছেন, আবার অনেকের প্রবেশপত্র বৃষ্টিতে নষ্ট হয়েছে। এসব পরিস্থিতির দায়ও শিক্ষামন্ত্রীর নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের কথা বিবেচনায় না নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রব্বানী হোসেন জানান, সকালে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল আবার স্বাভাবিক হয়।

অন্যদিকে বগুড়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষাসচিবের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

বরিশালে দুপুরের দিকে শিক্ষা বোর্ডের সামনে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করলে দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

কুমিল্লায় ‘কুমিল্লার সচেতন শিক্ষার্থী সমাজ’-এর ব্যানারে আয়োজিত সমাবেশে তিন দফা দাবিতে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে তাঁরা কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাঙ্গণে গিয়ে বিক্ষোভ করেন।

ময়মনসিংহে টাউন হল এলাকায় ময়মনসিংহ–টাঙ্গাইল মহাসড়কে ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীরা অবস্থান নিলে যান চলাচল ব্যাহত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন এবং সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর