বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গণপরিবহনে জরুরি নির্দেশনা দিয়েছে ডিএমপি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬, ৫:০৬ অপরাহ্ন

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে গণপরিবহন মালিক-শ্রমিক, চালক, যাত্রী ও পথচারীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যানবাহন চলাচল, বাসের ছাদে যাত্রী পরিবহন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানিয়েছে ট্রাফিক বিভাগ।

আজ রোববার (২৪ মে) গণমাধ্যমে পাঠানো গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাস টার্মিনাল থেকে বাস ছাড়তে হবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এবং যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার বা হয়রানি থেকেও বিরত থাকতে বলা হয়েছে পরিবহন সংশ্লিষ্টদের।

নির্দেশনায় আরও বলা হয়, কোনো সিটে একাধিক যাত্রী বহন করা যাবে না এবং বাসের ছাদে অতিরিক্ত যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ করে পণ্যবাহী যানবাহনে যাত্রী বহন না করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, যানবাহন অবশ্যই গতিসীমা মেনে চলবে। বেপরোয়া বা অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না। একই সঙ্গে ওভারটেকিং নিয়ন্ত্রণ, রাস্তার বাঁক ও সেতু এলাকায় সতর্কতা এবং চালকদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

চালকদের গাড়ি চালানোর সময় মোবাইল ফোন বা ইয়ারফোন ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গাড়িতে উচ্চস্বরে গান বাজানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে। উল্টো পথে গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

যাত্রীদের জন্য দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত টার্মিনাল বা কাউন্টার থেকেই বাসে উঠতে হবে এবং চলন্ত যানবাহনে ওঠানামা করা যাবে না। অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করারও পরামর্শ দিয়েছে পুলিশ।

এ ছাড়া পথচারীদের ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পারাপারের আহ্বান জানানো হয়েছে। রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এসব নির্দেশনা বাস্তবায়নে ট্রাফিক বিভাগ মাঠে সক্রিয় থাকবে। জরুরি প্রয়োজনে ট্রাফিক কন্ট্রোল রুম বা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার অনুরোধও জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর