মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো স্পিকার শিরীন শারমিনকে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৫:১১ অপরাহ্ন

রাজধানীর লালবাগ থানার বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে।

আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল ১১টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন।

তিনি জানান, তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। এরমধ্যে লালবাগ থানার বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তাকে কখন আদালতে তোলা হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এটা নিয়ে কাজ করছি। সময় লাগবে।’

এর আগে আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ধানমণ্ডির ৮/এ রোডের এক আত্মীয়ের বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি।

২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আবদুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এ দায়িত্বে ছিলেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর