আজ শনিবার (০৪ এপ্রিল) সকাল থেকেই শহরের আটটি ট্রাফিক জোনে একযোগে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সকাল থেকে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চলতে দেখা যায়। এ সময় ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে আমরা ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের সতর্ক করছি। তবে জনদুর্ভোগ লাঘবে পুলিশের নির্দেশনা অমান্য করলে পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সরেজমিনে দেখা গেছে, পুলিশের অভিযানের খবর ছড়িয়ে পড়লে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আগেভাগেই তাদের মালামাল ও দোকানপাট সরিয়ে নিচ্ছেন। ডিএমপির ট্রাফিক বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান-এই আটটি জোনেই একযোগে অভিযান চলছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীকে যানজটমুক্ত এবং সাধারণ মানুষের হাঁটার পথ সুগম রাখতে এই উচ্ছেদ অভিযান এখন থেকে নিয়মিতভাবে পরিচালনা করা হবে।