বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এখনও প্রস্তুত: রুবিও হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু দেশের বিচারবিভাগ সবচেয়ে স্বাধীন : আইনমন্ত্রী আসাদুজ্জামান ইসরায়েলের লেবানন দখলের স্বপ্ন কখনোই সফল হবে না: হিজবুল্লাহ যুদ্ধবিরতির মধ্যেই ইরানে হামলা করলো যুক্তরাষ্ট্র আরাফার ময়দানে সমবেত সারাবিশ্বের ১৬ লাখেরও বেশি হাজি কোরবানির পশুর বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণে প্রস্তুত ডিএসসিসি’র সাড়ে ১৩ হাজার জনবল ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ ঈদুল আযহায় নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার

‘৫০ কোটি টাকার ঘুষের প্রস্তাব’— এমপি আমির হামজাকে নাম প্রকাশে আইনি নোটিশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৮:০৪ অপরাহ্ন

৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবদাতাদের নাম প্রকাশের দাবিতে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আমির হামজাকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক ব্যক্তি। নোটিশদাতা হৃদয় হাসান কুষ্টিয়া সদর উপজেলার সোনাপুর নওয়াপাড়া এলাকার বাসিন্দা এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

গতকাল বুধবার (১ এপ্রিল) হৃদয় হাসানের পক্ষে কুষ্টিয়া আদালতের আইনজীবী আব্দুল মজিদ এই নোটিশ পাঠান। এতে বলা হয়েছে, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীদের নাম জনসমক্ষে প্রকাশ অথবা তাদের আইনের হাতে সোপর্দ করতে হবে।

হৃদয় হাসান জানান, বুধবার দুপুরের পর লিগ্যাল (আইনি) নোটিশটি এমপি সাহেব বরাবর পাঠানো হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীর পরিচয় অথবা আইনগত ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়েছে। যদি তা না করা হয়, তাহলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়া শহরে একটি ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আমির হামজা বলেন, “প্রায় সব মিলিয়ে শুধু মেডিকেল কলেজের জন্য ৫০ কোটি টাকার ওপরে অফার হয়েছে এই তিন দিনে। তা-ও কেউ জানবে না, শুধু আল্লাহ বাদে।

আমি বলেছি, ৫০ কোটি কেন, ১০০ কোটি, পুরা কুষ্টিয়া লিখে দিলেও আমি আমার জায়গা থেকে একচুল নড়ব না।” তিনি আরও বলেন, “এই পাঁচ বছর যদি দায়িত্বে থাকি, পাঁচটা টাকা যেন না বাড়ে, সেই রকমভাবে চলতে চাই।”

পরদিন তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ঘুষ দিতে চাওয়া ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশের দাবি জানান।

এর প্রায় এক মাস পর গতকাল বুধবার ছাত্রদলের এই নেতা আইনি নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, আমির হামজা বিভিন্ন সময় জনসমক্ষে দাবি করেছেন যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ রাখার জন্য তিনি তিন দিনে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব পেয়েছেন, কিন্তু তা গ্রহণ করেননি।

এমনকি “কুষ্টিয়া লিখে দিলেও” তার অবস্থান বদলানো যাবে না বলেও তিনি উল্লেখ করেছেন।

নোটিশে আরও বলা হয়েছে, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এসব বক্তব্য ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে। সেখানে প্রশ্ন তোলা হয়—শরিয়াহ আইন ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ঘুষদাতা ও গ্রহীতা উভয়ই সমান অপরাধী। অথচ ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশ না করে তিনি নিজেকে সৎ হিসেবে উপস্থাপন করছেন। নাম গোপন রাখা ও আইনের হাতে না তুলে দেওয়া অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার শামিল বলেও নোটিশে দাবি করা হয়।

এ বিষয়ে হৃদয় হাসান বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় জনগণ ভোগান্তিতে আছে। কারা এর পেছনে কলকাঠি নাড়ছে, আমরা জানতে চাই। প্রয়োজনে আন্দোলন গড়ে তোলা হবে।”

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য-সচিব জাকির হোসাইন সরকার বলেন, “আমির হামজা মেডিকেল কলেজ চালু নিয়ে বললেন, তিন দিনে ৫০ কোটি টাকার অফার পেয়েছেন। অথচ তাকে কারা টাকার অফার করেছে, তাদের নাম বলছেন না। এটা একটি ক্রিমিনাল অফেন্স। তিনি জনসমক্ষে ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশ করুন।”

এ বিষয়ে জানতে রাত ১১টার দিকে আমির হামজার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে তার শ্যালক আবু বকর সিদ্দীক জানান, “এমপি সাহেব অধিবেশনে ছিলেন। ফোন বন্ধ রেখে বিশ্রামে আছেন। নোটিশ এখনো পাওয়া যায়নি। তাই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। নোটিশ পেলে পরবর্তী সময়ে বক্তব্য দেওয়া হবে।”


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর