প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান আশা প্রকাশ করে বলেন নির্বাচন কমিশন (ইসি) শিগগিরই জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবে ।
আজ শুক্রবার (১৩ জুন) যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, নির্বাচনের তারিখ নিয়ে আমরা কোনও সমস্যা দেখি না। কেউ দেখলে তা ভুল দেখছেন। নির্বাচন নিয়ে আমরা দুই পক্ষই যৌথ বিবৃতিতে বলে দিয়েছি। আমরা আশা করবো, নির্বাচন কমিশন শিগগিরই তারিখ ঘোষণা করবে।
এদিকে, অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক শেষে সরকার ও বিএনপির যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার কাছে আগামী রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলটির চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন ওই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়, তা উল্লেখ করেন তারেক রহমান।
জবাবে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে।
তাছাড়া জাতীয় নির্বাচনের আগেই সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে অগ্রগতি দেখা যাবে আশাবাদ ব্যক্ত করেন খলিলুর রহমান।