৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ৩০ জুন প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আজ মঙ্গলবার (৩ জুন) সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা দ্রুত শেষ করে ৩০ জুন চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এই বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা নন-ক্যাডার পদের চাকরিতে আগ্রহী, তাদের অনলাইনে পছন্দক্রমের আবেদনও চেয়েছে পিএসসি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩ অনুযায়ী ৯ম থেকে ১২তম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে পছন্দক্রম আহ্বান করা হয়েছে।
এর আগে গত ৮ এপ্রিল পিএসসির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, ‘আমরা ৪৪তম বিসিএস দ্রুত শেষ করার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছি। ৪৪তম বিসিএসের ভাইভা ১৭ জুনের মধ্যে শেষ করা হবে। ভাইভা শেষে ৩০ জুনের মধ্যে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।’
৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।