বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন স্বাভাবিক হলো ৩০ ব্যাংকের এটিএম-কার্ড লেনদেন ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান শফিকুল বাদীপক্ষের সঙ্গে আপস করেও জামিন পেলেন না এমপি নজরুল রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই ম্যাজিক দেখিয়েই শেষ করলেন মেসি ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল দুর্গাপূজা উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান বিশ্ববাজারে তেলের দাম কম মূল্যে স্থিতিশীল হলে সমন্বয়ের চিন্তা করবে সরকার: তথ্য উপদেষ্টা

স্বাভাবিক হলো ৩০ ব্যাংকের এটিএম-কার্ড লেনদেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:১৬ অপরাহ্ন

দুই দিন বন্ধ থাকার পর বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে দেশের প্রায় ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশের সব সেবা পুরোপুরি চালু হয়েছে। ফলে এসব ব্যাংকের গ্রাহকরা এখন এটিএম, কার্ড, পিওএসসহ কিউ-ক্যাশের আওতাধীন বিভিন্ন সেবা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এবং একাধিক সেবাদানকারী বাণিজ্যিক ব্যাংক বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আইটিসি জানায়, কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। ফলে গ্রাহকরা আগের মতো লেনদেন করতে পারবেন।
এদিকে রাত সাড়ে ১২টার দিকে ব্যাংক এশিয়ার এক ক্ষুদে বার্তায় জানানো হয়, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি সচল রয়েছে। গ্রাহকদের যথারীতি লেনদেন শুরু করার কথাও জানানো হয়।
গত রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে দেশের প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
এর ফলে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস), কার্ড লেনদেনসহ কিছু আন্তঃব্যাংক লেনদেন সেবা ব্যাহত হয়। এতে ভোগান্তিতে পড়েন সংশ্লিষ্ট ব্যাংকগুলোর গ্রাহকরা।
সে সময় বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে ক্ষুদে বার্তায় জানানো হয়েছিল, বন্ধ থাকা সেবাগুলো আগামী ১০ অক্টোবর দুপুর ১২টার পর স্বাভাবিক হবে।
গ্রাহকদের ভোগান্তি কমাতে কিউ-ক্যাশের বন্ধ থাকা সেবা দ্রুত চালুর জন্য বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পরিচালককে বাংলাদেশ ব্যাংকে ডেকে পাঠানো হয়।
মঙ্গলবার রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানমের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ৯টা থেকে আইটি কনসালট্যান্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণ কাজের কারণে কয়েকটি ব্যাংকের লেনদেন সেবা ব্যাহত হয়। এতে গ্রাহকরা ভোগান্তির শিকার হন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের আর্থিক লেনদেনের ধারাবাহিকতা ও স্বার্থরক্ষায় বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করে দ্রুত কার্ড-সংশ্লিষ্ট সব সেবা পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা পুরোপুরি চালু হয়। ফলে সংশ্লিষ্ট প্রায় ৩০টি ব্যাংকের গ্রাহকরা এখন এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআরসহ বিভিন্ন লেনদেন সেবা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর