সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সীতারামী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম এ মালিক।
আজ শনিবার ( ২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, দক্ষিণ সুরমা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এ কাজ শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এম এ মালিক বলেন, নদী দখল ও ভরাটের কারণে অনেক এলাকায় কৃষি ও জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বাসিয়া ও গিরগিটি নদী পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় দুই কিলোমিটার এলাকায় চলমান এই কাজ সম্পন্ন হলে প্রায় ১০ হাজার মানুষ উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জানান, স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, প্রশাসন ও কৃষি বিভাগের সমন্বয়ে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় দীর্ঘদিন অবহেলিত সড়ক সংস্কারের আশ্বাস দেন এম এ মালিক। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের পর তা বাস্তবায়নের কাজ চলছে। মঙ্গলবাজার, দরাদরপুরসহ বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিচালনার কথাও জানান তিনি।
এর আগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন তিনি।
অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম পালসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।