জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর- অগ্নিসংযোগের ঘটনার নিন্দা ও প্রতিবাদ করছে।
আজ শনিবার (২ অক্টোবর) দলের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু রাজনৈতিক দলের কার্যালয়ই নয়, যেকোনও স্থাপনায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ করা সুস্পষ্ট ফৌজদারি অপরাধ। জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি মনে করে— রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা-ভাঙচুর- অগ্নিসংযোগের ঘটনা কোনও সাধারণ ঘটনা নয়। এই ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন কমিশন পুনর্গঠনের মধ্য দিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ এবং নির্বাচিত জনপ্রতিনিধি তথা নির্বাচিত সাংবিধানিক সরকারের হাতে দেশের শাসনভার ন্যাস্ত করার উদ্যোগকে নস্যাৎ করা এবং রাজনৈতিক শক্তিকে দমিয়ে বিরাজনীতিকরণের গভীর ষড়যন্ত্রের অংশ।