জনগণের জানমালের নিরাপত্তাহীনতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আগস্ট বিপ্লবোত্তর বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার দায়ে অন্তর্বর্তী সরকার ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। দলটির নেতারা বলেছেন, এসব কারণে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে।
আজ শনিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে ওই দাবি জানায় দলটির চেয়ারম্যান ইমাম হায়াত।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার জন্য যাত্রা করলে পুলিশি বাধার মুখে প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পৌঁছে দেন।
তিনি বলেন, তাদের কারণেই দেশে সর্বত্র খুন সন্ত্রাস ডাকাতি ও বিভিন্ন অপরাধ মারাত্মক আকার ধারণ করেছে। যার ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ কারণে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে। তাই অতি দ্রুতই সরকার ভেঙে দিতে হবে। দেশের জনগণই দেশকে রক্ষা করবে।