৭২ এর সংবিধান ছুড়ে ফেলতে চাওয়া বা বাতিল করার প্রক্রিয়ার কড়া সমালোচনা করে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ প্রশ্ন রেখেছেন, ‘আপনারা যদি সংবিধান ছিঁড়ে ফেলতে চাইতেন, তবে সেই সময় রেভল্যুশনারি (বিপ্লবী) বা ট্রানজিশনাল সরকার কেন করলেন না? একটি সাধারণ সরকারে থেকে, পুরোনো সংবিধানে থেকে আপনারা সংবিধান বাতিল করতে চাচ্ছেন, এটা আসলে হয় না।’
আজ মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক বিষয়ে নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে ক্ষমতাশীন বিএনপি জোটের শরিক দলের এই নেতা এসব কথা বলেন।সংসদে পার্থ বলেন, যৌক্তিক কোনো কথা বললেই তাকে ‘জুলাইয়ের বিপক্ষের শক্তি’ বানানোর একটা পাঁয়তারা দেখা যাচ্ছে। তিনি বলেন, ‘এটা আমাকে আওয়ামী লীগ সরকারের কথা মনে করিয়ে দেয়।
তখন আমরা তেলের দাম নিয়ে কথা বললেও বলা হতো, ওরা যুদ্ধাপরাধীদের বিচার চায় না। এখন আমি অনেকখানি সেই একই আচরণ দেখতে পাচ্ছি।’
বিজেপি চেয়ারম্যান বলেন, ‘জুলাই নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা হচ্ছে প্রক্রিয়া নিয়ে। আপনারা কোন প্রক্রিয়ায় করতে চাচ্ছেন? আপনারা যদি সংবিধান ছিঁড়ে ফেলে নতুন করে বানাতে চাইতেন, তবে সেই সময় রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?’সম্প্রতি অনুষ্ঠিত গণভোটের কারিগরি দিক নিয়েও সংসদে প্রশ্ন তোলেন পার্থ।তিনি বলেন, ‘আপনারা গণভোটে চারটি বিষয় দিয়েছেন। কিন্তু কোনো ভোটার যদি একটি বিষয়ে একমত না হয়, তবে সে কী করবে? হ্যাঁ-তে ভোট দেবে নাকি না-তে? আপনারা তো ভোটারদের বাধ্য করেছেন। সনদের বাকি বিষয়গুলো কেন গণভোটে দিলেন না?’
আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে ক্রিকেটীয় ভাষায় আন্দালিব রহমান পার্থ বলেন, ‘শোনেন, আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগের ৩০০ রান আমরা সবাই মিলে করেছি। সুতরাং আপনারা এমন কথা বলবেন না যাতে দেশবাসী বিভ্রান্ত হয়, যেন জুলাইয়ে আমাদের কোনো কন্ট্রিবিউশনই নাই! ১৭ বছর আমরা কষ্ট করেছি, জেলে গিয়েছি। যেদিন আবু সাঈদ শহীদ হয়েছিল, সেদিন চট্টগ্রামের ওয়াসিম আকরামও কিন্তু শহীদ হয়েছে।
জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বক্তব্যের শেষে পার্থ বলেন, ‘সংবিধানের ওপর আমাদের শ্রদ্ধা থাকতে হবে, একইসঙ্গে জুলাইয়ের স্পিরিটকেও তুলে ধরতে হবে। আমরা সবাই মিলে বসে আলাপ করি।কিন্তু কোনো সদস্যের বক্তব্যে যেন জুলাইকে আন্ডারমাইন করা না হয়। আসুন আমরা পজিটিভ কিছু নিয়ে আসি। তবে কেউ যদি জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিতে চান, তারা কোনোদিন সফল হবেন না।’