রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

রমজানে স্কুল বন্ধের বিষয়ে হাইকোর্টের নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

পবিত্র রমজান মাসজুড়ে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

আজ রোববার ( ১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। এর আগে রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। গত ৫ জানুয়ারি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এ বিষয়ে আইনি নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখাই প্রচলিত আইন, প্রথা ও নীতি। সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইন ছাড়া কিছুই করা যাবে না এবং ১৫২(১) অনুচ্ছেদে বলা হয়েছে, আইন বলতে আইনের ক্ষমতাসম্পন্ন যেকোনো প্রথা ও রীতিকেও বোঝায়। সে কারণে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারি সিদ্ধান্ত অসাংবিধানিক বলে দাবি করা হয়।

নোটিশে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সারাদিন স্কুলে যাতায়াত ও ক্লাস করে ক্লান্ত হয়ে পড়ে, যা রোজা রাখার ক্ষেত্রে কষ্ট সৃষ্টি করে এবং ধর্মীয় অনুশীলনের অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। পাশাপাশি রমজান মাসে স্কুল খোলা থাকলে শহরগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। আইনি নোটিশের জবাব না পাওয়ায় পরে এ রিট দায়ের করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর