পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, হ্যাঁ-না ভোটে হ্যাঁ ভোট জয়ী হওয়ায় শপথ নেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ অটোমেটিক জাতীয় সংসদে বসামাত্র কার্যকরী হবে এবং এটি জাতীয় সংসদে বিল হিসেবে প্রযোজ্য হবে।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, যেখানে না ভোট এসেছে, সেখানে পার্লামেন্টেই আলোচনা হবে ও সিদ্ধান্ত হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান লিংকন ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।