নবনিযুক্ত শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।
তিনি বলেন, গত ১৭ বছরে শিক্ষা খাতে যে স্থবিরতা ও অনিয়ম ছিল, তা দূর করে একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে।
শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর আজ বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে দুপুর ১টায় তিনি মন্ত্রণালয়ে এসে পৌঁছালে সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ভবিষ্যৎ পরিকল্পনা ও সংস্কার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা আজ দায়িত্ব গ্রহণ করেছি। মন্ত্রণালয়ের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আমরা একটি ‘প্ল্যান লেআউট’ বা কর্মপরিকল্পনা তৈরি করবো। আগামীকাল এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে আমাদের মূল অঙ্গীকার হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি শিক্ষিত ও দক্ষ জাতি গঠন করা।’
বর্তমান কারিকুলামের পরিবর্তন ও সংস্কার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘কারিকুলাম অবশ্যই রিভিউ করা হবে। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের ন্যানো টেকনোলজি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর মতো আধুনিক প্রযুক্তিগুলো শিক্ষার মূল ধারায় যুক্ত করতে হবে। আমাদের লক্ষ্য হলো এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক—উভয় শ্রমবাজারেই গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।
বিগত সময়ের অনিয়ম ও প্রশ্নফাঁস প্রসঙ্গে তিনি বলেন, ‘২০০৯ সালের আগে আমি যখন এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, তখন প্রশ্নফাঁস বন্ধ হয়েছিল এবং নকল প্রতিরোধে আমরা সফল হয়েছিলাম। এবারও শিক্ষা খাতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম হবে না।‘
শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি বার্তা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের জীবনমান উন্নয়ন ছাড়া মানসম্মত শিক্ষা সম্ভব নয়। আপনারা ধৈর্য ধরুন, আমরা কী করি তা দেখার জন্য আপনাদের কিছুটা সময় দিতে হবে (ওয়েট এন্ড সি)।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দেশপ্রেম ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে।’
বক্তব্যের শুরুতে মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বর্তমান বিএনপির নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।